স্টাফ রিপোর্টার:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চারলেন অংশে পথচারীদের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা গ্রহণ ও বিদ্যমান ফ্লাইওভার সম্প্রসারণের দাবিতে জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন দুপুরে এই স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক ও সমাজকর্মী মেহেদী হাসান মুরাদ এবং মানবাধিকারকর্মী আশিকুর রহমান মন্ডল। স্মারকলিপিতে বলা হয়, শঠিবাড়ী হাট এলাকার মহাসড়কের মাঝখানে নির্মিত মিডিয়ান দেয়ালের কারণে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও শিশুরা প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। গত ২০ দিনে অন্তত চারজন পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে তিন দফা দাবির কথা উল্লেখ করা হয়— বিদ্যমান ফ্লাইওভারটি পেট্রোল পাম্প পর্যন্ত সম্প্রসারণ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং বাস্তবায়ন, এবং সচেতনতামূলক সাইনবোর্ড ও নির্দেশনা স্থাপন।
এ সময় জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, অ্যাডভোকেট ফেরদৌস কবির,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম শিশির,সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি গ্রহণের পর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান তাৎক্ষণিকভাবে শাশেক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর নাগরিক আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
এম২৪নিউজ/আখতার