স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ২৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি অভিযানিক দল।
রবিবার (১৫ অক্টোবর) দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসনা পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক তল্লাসী করে গাঁজাগুলো উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার দুর্গাপুর থানার শ্যামপুর গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: আলমগীর হোসেন (২৪) ও নীলফামারী জেলার ডোমার থানার ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ সিদ্দিক আলীর ছেলে মো: মোক্তার আলী (৩৪)।
পুলিশ জানায়, রবিবার দুপুরে মিঠাপুকুর থানার এসআই নাজমুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েরমাথা সংলগ্ন হাসনা পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি ট্রাক তল্লাশি করে ট্রাকের অতিরিক্ত স্পেয়ার চাকার মধ্যে থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি মোবাইল ফোন ও ট্রাক জব্দ করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার