হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাত শুরু
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে হাড়িভাঙ্গা আম চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মুলতামিস বিল্লাহ।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও মিঠাপুকুর কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৭ জুন) সকালে খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরআগে খোড়াগাছ মন্ডলপাড়া গ্রামে আইয়ুব আলীর বাগানে আম ছিঁড়ে হাড়িভাঙ্গা আম বাজারজাত করনের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, হাড়িভাঙ্গা আম আমাদের রংপুরের গর্ব। জিআই পণ্য হিসেবে হাড়িভাঙ্গা আম সরকারীভাবে স্বীকৃতি পেয়েছে । এ অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। তিনি বলেন, হাড়িভাঙ্গা আম নিয়ে গবেষণা চলছে। নির্দিষ্ট সময়ের পূর্বে হাড়িভাঙ্গা আম বাজারজাত না করতে আমচাষীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, বিএনপির জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা ও নাজমুল হক (ইমন)।
স্বাগত বক্তব্যে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন জানান, এবারে মিঠাপুকুরে ১৩০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ২৬০০০ মেট্রিক টন, যাহার আনুমানিক মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।
এসময় আম সংরক্ষণের জন্য একটি হিমাগার, রাস্তাঘাটের উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার জন্য আমচাষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এম২৪নিউজ/আখতার