স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোববার রাতে বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া রঘুনাথপুর গ্রামের জনৈক মমিনুর রহমানের বাড়িতে ফেনসিডিল মজুদ আছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে রোববার রাতে ওই বাড়িতে হানা দেয় মিঠাপুকুর থানা পুলিশের একটি টিম। এসময় বাড়ি তল্লাসি করে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ব্যবসায়ী মমিনুর বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, মাদক উদ্ধারের ব্যাপারে একটি মামলা হয়েছে। ব্যাবসায়ী মমিনুর সহ জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে।
