আজ রোকেয়া দিবস: পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলা

স্টাফ রিপোর্টার:

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।

দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। প্রথম দিন আজ মঙ্গলবার সকাল দশটায় ‘নারীর অগ্রযাত্রা: বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিমা আখতার, রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোছা. শামিমা আকতার ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন, মেলার উদ্বোধন, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনী এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে প্রথম দিনের কর্মসূচী।

দ্বিতীয় দিন বুধবার দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, নাটিকা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন বৃহস্পতিবার রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, রোকেয়া পদক প্রদান, নাটিকা, জয়িতাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে রোকেয়া দিবস পালন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে তিন দিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা (উপজেলা প্রশাসন) সার্বিক সহযোগিতা করে থাকি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply