পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হিরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের পার্বতীপুর নিজ বাড়ি থেকে যৌথবাহিনীর অভিযানে মোছা. গোলশেনারা বেগম (৩৬) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হিরোইন নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মোছা. গোলশেনারা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এই অভিযানে সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে পার্বতীপুর নিজ বাড়ি থেকে মোছাঃ গোলশেনারা বেগমকে আটক করা হয়, তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ৩৪৬ পিস, হিরোইন ৩ পুরিয়া, মোবাইল ১ টি, নগদ ৮৫২০ টাকা এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: মো. খোরশেদ আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, পীরগঞ্জ আর্মি ক্যাম্প।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply