প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল : পীরগঞ্জে স্পিকার

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। আর সে উন্নয়নের একটা বড় অংশই হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এতে বড় অর্জন হচ্ছে নারী শিক্ষার উন্নয়ন।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, আমরা যদি নারীদের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলেই বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে স্বপ্ন ও রূপকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তা পরিপূরণ করা সম্ভব হবে।

সোমবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা মহিলা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশে স্পিকার বলেন, তোমরা জানো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সব ক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। তাই আমরা যদি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে এ ক্ষেত্রে বড় অস্ত্র হচ্ছে লেখাপড়া। তোমরা যদি তোমাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পার তাহলে পৃথিবীর কোন শক্তি নেই যে, তোমাদেক পিছিয়ে রাখবে।

স্পিকার ভেন্ডাবাড়ী মহিলা কলেজের প্রশংসা করে বলেন, রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায় এত মেয়েরা এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এটা নিঃসন্দেহে আমাদের পীরগঞ্জবাসীর জন্য একটি বিরল গৌরবের বিষয়। কলেজটির একাডেমিক ভবনের ব্যাপারে আশ্বস্থ করে স্পিকার বলেন, এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে একং আমি এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করব।

ভেন্ডাবাড়ী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ভেন্ডাবাড়ীকে উপজেলা ঘোষণার ব্যাপারে স্পিকার তার বক্তব্যে বলেন, আমি জানতে পেরেছি প্রধানমন্ত্রীর এ ব্যাপারে প্রতিশ্রুতি আছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব যাতে আমরা বিষয়টি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমি এ বিষয়ে সচেষ্ট আছি এবং থাকব।

পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও কলেজটির সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজু।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের বেশ ক’জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।