রংপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি-জাপা প্রার্থীরা

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন পর্যােয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করলো তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে সকল দলের জন্য মাঠ সমতল রাখার দাবি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশন যেন সকল প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করে। অনেকে বলেছেন জাতীয় পার্টির দূর্গে হানা দেয়া হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা হ্রাস না বৃদ্ধি হলো তার প্রমাণ নির্বাচনে দেয়া হবে। আমরা জনগণের দেয়া মতমতের সঠিক প্রতিফলন চাই।

তিনি আরও বলেন, তিনশ আসনে এখনও ভাইটাল প্রার্থী নির্বাচিত হয়নি। সময়ের আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষ, জনপ্রিয়, যারা বিজয়ী হতে পারবেন কিংবা সম্মানজনক ভোট পাবেন এমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হবে। আমাদের প্রার্থী তিনশ, আড়াইশ কিংবা দু’শো হতে পারে। আমরা মনেকরি দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে জাতীয় পার্টি ভাল ফলাফল করবে।

রংপুর সিটির সাবেক এই মেয়র বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরি করে যা খুশি তাই করা যাচ্ছে। দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।

এদিকে, একই দিনে রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শাফি কামাল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ অন্যরা।

মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল বলেন, রংপুর-৩ আসনের ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে এ আসন থেকে জাতীয় পার্টি বারবার বিজয়ী হয়েছে। এরপর তারা ক্ষমতায় গিয়ে এখাকার কোন উন্নয়ন করেনি। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী জনগণ পুরনো আবেগ ভুলে তারা স্থানীয়, সৎ, যোগ্য ব্যক্তি হিসেবে বিএনপির প্রার্থীকে সংসদে পাঠাতে চান। বর্তমানে সদর আসনের চারদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সবাই জানে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিলেই সদরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

এছাড়াও, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী ও জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তথ্যসূত্র: খবরের কাগজ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply