প্রশিক্ষণ নিতে পর্তুগালে যাচ্ছে রংপুরের ৪ নারী ফুটবলার

নিউজ ডেস্ক:

রংপুর সদর উপজেলার ৪ নারী ফুটবলার এখন ইউরোপের দেশ পর্তুগালে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন। এ ছাড়া জেলার পীরগঞ্জ ফুটবল একাডেমি থেকে একজন তরুণ ফুটবলারও যাচ্ছেন পেলে-নেইমারের দেশ ব্রাজিলে। তাদের সবাইকে উন্নত প্রশিক্ষণের জন্য ইউরোপ-আমেরিকার দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর।  

সোমবার (৪ এপ্রিল) বালক ও বালিকা বিভাগে মনোনীত খেলোয়াড়দের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রংপুরের ফুটবলাররা সেই তালিকায় বাজিমাত করেছে।

প্রশিক্ষণের জন্য দুটি দলে ১১ বালক এবং ১১ বালিকা ফুটবলার (অনূর্ধ্ব-১৭) মনোনীত হয়েছেন। প্রকাশিত তালিকায় নাছরিন আক্তার, মৌরাশি আক্তার, শাম্মি আক্তার ও রেখা আক্তারের নাম রয়েছে। এরা সবাই সদর উপজেলার পালিচড়া গ্রামের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের ফুটবলার। এ ছাড়া বালকদের (অনূর্ধ্ব-১৭) দলে রয়েছে পীরগঞ্জ ফুটবল একাডেমির মেধাবী ফুটবলার লিয়ন প্রধান।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে গত বছর অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা, অনূর্ধ্ব-১৭) খেলায় ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সেখান থেকে বাছাই করা প্রতিভাবান ৮০ জন বালক ও বালিকা খেলোয়াড়কে চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে বিকেএসপিতে ২ মাস নিবিড় প্রশিক্ষণ প্রদান করছেন ক্রীড়া পরিদপ্তর। বর্তমানে তাদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া ৮০ জনের মধ্য থেকে ১১ জনের বালক দলটি ব্রাজিলে এবং বালিকাদের ১১ জনের দলটির পর্তুগাল যাওয়ার কথা রয়েছে। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য সেখানে পাঠানো হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply