
অনলাইন ডেস্ক:
কনকনে হিমেল হাওয়া আর মাঝারি ধরণের শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে; ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, আপাতত এই শৈত্যপ্রবাহ তেমন তীব্র হওয়ার আশঙ্কা নেই। তবে চলতি মাসেই আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
কুড়িগ্রামে তাপমাত্রা অনেক কমলেও গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডার সঙ্গে রয়েছে কনকনে হাওয়া।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা। এসব জেলায় তাপমাত্রা আট থেকে নয়ের মধ্যে ওঠানামা করছে।
তাপমাত্রা ১০-৮ ডিগ্রী সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নিচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.