
অনলাইন ডেস্ক:
একাদশ সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’- টিআইবির দেয়া এমন প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর সেতুভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, সব কার্যক্রমে তারা অংশ নিচ্ছে।
তিনি বলেন, জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।
উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে দলটির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের চিরাচরিত অভিযোগ।
ঢাকার উপনির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা তা জনগণ বিশ্বাস করতে পারছে না।
বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই, জনগণ যে রায় দেবেন তা আমরা মেনে নেব বলে বিএনপিকে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে।
মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সুত্র: যুগান্তর অনলাইন।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.