
নিউজ ডেস্ক:
বাংলাদেশে যাতে করোনাভাইরাস আসতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকের পরে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে আলাদাভাবে বসেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল্লাহও উপস্থিত ছিলেন। সেখানে করোনাভাইরাসের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্তগুলোর ব্যাপারে আনোয়ারুল ইসলাম বলেন, যেভাবেই হোক করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশের সব ধরনের সুযোগ বন্ধ করতে হবে। চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদেরকে টানা ১৪ দিন বিশেষ ব্যবস্থায় তত্ত্বাবধানে রাখতে হবে। এরইমধ্যে ৩১৬ জনকে বিমানের মাধ্যমে চীন থেকে আনা হয়েছে। তাদেরকে ১৪ দিন তত্ত্বাবধানে রেখে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, এখনো চীনে ১৭১ জন ছাত্রের একটা গ্রুপ রয়েছে, যাদেরকে আনার ব্যাপারে চেষ্টা চলছে। চীনের কোন বিমানের মাধ্যমে তাদেরকে দেশে আনার পরিকল্পনা চলছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ভাইরাস আক্রান্ত অন্য দেশ থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন বড়-বড় প্রকল্পে চীনের যেসব নাগরিক কর্মরত আছে তাদের মধ্যে যারা গত ১৮ তারিখের পরে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে আমরা বিশেষ তদারকি করছি।
চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এরইমধ্যে এসব ফ্লাইটে ১২ থেকে ১৫ জন লোকের বেশি যাত্রী হচ্ছে না। ফলে বিমান কর্তৃপক্ষ হয়তো এটি এমনিতেই বন্ধ করে দেবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.