
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় তারা একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে বৈঠকে দুই নেতা পরস্পরকে প্রশংসায় ভাসিয়েছেন। তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৫৫ বছর পর দুই দেশের মধ্যে বন্ধ থাকা চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু হয়েছে। এর ফলে আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল করবে। এছাড়া বঙ্গবন্ধুর সম্মানে ভারতের ডাক বিভাগ স্ট্যাম্প উদ্বোধন করেছে।
বৈঠকে করোনা মহামারিতেও দুই দেশ একসঙ্গে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনা অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে সব সময় প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। সুত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.