
নিউজ ডেস্ক:
কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর ছেলে।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরার অতিরক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাহউদ্দীনের নেতৃত্বে পৌর সদরের নিজ বাড়ি থেকে পুলিশ কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে দুইটি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অভিযানকালে সাহাজাদার বাড়ি থেকে কাগজপত্র বিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল, কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.