নিউজ ডেস্ক:
কুষ্টিয়া শহরের পিটিআই রোডের আল হেরা জামে মসজিদ চত্বরে দ্বিতীয় এবং কুমারখালী উপজেলার নিজ গ্রাম রায়ডাঙ্গায় তৃতীয় জানাজা শেষে গতকাল মঙ্গলবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। দুই দফা জানাজা ও শেষবারের মতো ফাহাদের লাশ দেখতে নারী-পুরুষসহ হাজার হাজার মানুষের ঢল নামে। এদিকে লাশ দাফনের প্রস্তুতিকালে ফাহাদের নিজ গ্রাম রায়ডাঙ্গা এলাকার শত শত মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা এসময় বুয়েটের মেধাবী ছাত্র ফাহাদ হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবি জানান।
এর আগে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে ফাহাদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছে। লাশ পৌঁছার পর সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। নিহতের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। এসময় পরিবার-পরিজনের পাশাপাশি লাশ দেখতে আসা এলাকাবাসীও চোখের পানি ধরে রাখতে পারেননি। সম্ভাবনাময় মেধাবী ছাত্র ও স্বপ্নের ধন পুত্র আবরার ফাহাদকে হারানোর শোকে মুহ্যমান মা রোকেয়া খাতুন। পাগলপ্রায় পিতা বরকত উল্লাহ ও ছোটো ভাই আবরার ফাইয়াজ। নির্মম ও পৈশাচিক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি চরম ঘৃণা প্রকাশসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
এদিকে লাশ দাফনের পরপরই বিচারের দাবিতে মিছিলসহ প্রতিবাদী জনতার ঢল নামে রায়ডাঙ্গা গ্রামে। জানাজা শেষে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের ফাঁসির দাবি জানান। দলীয় পরিচয়ে যেন তারা কোনোভাবেই পার না পায় সে দাবি তোলেন বিক্ষুব্ধ জনতা।
সূত্র: ইত্তেফাক
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.