অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশের ২০৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সোমবার ভোটগ্রহণ হতে যাচ্ছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
এদিন সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতির নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নির্বাচনী কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। ভোটারও ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, প্রথম ধাপে দেশের ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। কিন্তু করোনার উচ্চ সংক্রমণের কারণে গত ১০ জুন নির্বাচন কমিশনের জরুরি সভায় দেশের খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী জেলার ১৬৩ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার