
নিউজে ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।
শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মোট ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
তিনি বলেন, সবার করোনাভাইরাস পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।
প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসময়ে পিছ পা হওয়া উচিত না। চিকিৎসা করা উচিত।
মন্ত্রীর বক্তব্য শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষা বাড়িয়ে দিয়েছি।
তবে এ পর্যন্ত সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা ৫১৩টি নমুনা সংগ্রহ করেছি। আইইডিসিআরের বাইরের ল্যাবলেটরিগুলোতে তিনটি পজেটিভ পেয়েছি। তাদের আইসোলেশন ও কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, সেই অনুসন্ধান শুরু করে দিয়েছি।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৬ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ৫৩ হাজার ২৩৮ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৩ হাজার ১৩৩ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।
বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।
তথ্যসূত্র: ডেইলী বাংলাদেশ, ছবি- ইত্তেফাক।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.