
নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে আইইডিসিআর -এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট ১৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ব্রিফিংয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি।
এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ৮৩ হাজার ৯০ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৬ হাজার ৪৪১ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।
বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.