মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার দুপুরে সহোদর দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে তিন শিশু বাড়ির লোকজনকে না জানিয়ে খিরাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বানার নদীতে গোসল করতে যায়। বাড়ি থেকে তিনশ গজ দূরের এই নদীতে নেমে গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের খুঁজে পায় না। এক পর্যায়ে বিকেলে ওই নদীতে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে অনেক খুঁজে তারা বাকি দুই শিশুর লাশ পানির নিচ থেকে উদ্ধার করে।
আরও পড়ুন: ‘সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্য তুলে ধরুন’ -ওবায়দুল কাদের
মৃত শিশুরা হলো, নানীর বাড়ি বেড়াতে আসা নরসিংদী জেলার মনির হোসেনের মেয়ে হিমু (১০), ঘাগটিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মিলন মিয়ার মেয়ে সিনথিয়া (০৯) ও সিনহা (০৫)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিশুদের অভিভাবকগণ বিনা ময়না তদন্তে লাশ দাফন করার আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.