
অনলাইন ডেস্ক:
নারী পাচারের অভিযোগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে গ্রেফতার করে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার।
তিনি জানান, দুবাই পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গত মাসে নারী পাচার চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেয়ার কথা বলে নারী পাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো।
সিআইডি জানায়, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.