
নিউজ ডেস্ক:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, 'বিএনপির নেতা যতদিন তারেক জিয়া আছে এবং যতদিন তারেক হাওয়া ভবনের জন্য মানুষের কাছে দুই হাত তুলে ক্ষমা না চাইবেন ততদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় বিএনপি যেতে পারবে না। ইলেকশন হলে নৌকা মার্কার জয়ের সম্ভাবনা কেয়ামত পর্যন্ত নাই।' বৃহস্পতিবার গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, 'আওয়ামী লীগ সরকারকে সমর্থন করি না। সেইসঙ্গে বিএনপির বাঁদরামিকেও সমর্থন করি না। কারণ দেশ স্বাধীনের ৪৮ বছর পরেও মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার প্রকৃত গণতন্ত্র, শোষণহীন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এক অসাম্প্রদায়িক সমাজ আজও বাস্তবায়িত হয়নি।'
কাদের সিদ্দিকী আরও বলেন, 'শেখ হাসিনার নৌকার সরকারই শেষ সরকার নয়। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগও নয়; তার দল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেখ হাসিনার দল হতে পারে। গত নির্বাচনে ভোট চুরি না করলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা হয়তো পরে থাকতে পারতো। কিন্তু শেখ হাসিনা ভোটের আগের রাতে ভোট চুরির ব্যবস্থা করে কেয়ামত পর্যন্ত নৌকার জয়ের সম্ভাবনা নিজেই নষ্ট করে দিয়েছেন।'
কাদের সিদ্দিকী বলেন, 'রাজনীতির নামে মানুষকে অপদস্থ করা হচ্ছে। কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগ মানুষের ওপর দাপট খাটায় না, লুটতরাজ করে না - মানুষের সেবা করে।'
গাইবান্ধা জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল আলম প্রমুখ। পরে অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা করা হয়।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.