
নিউজ ডেস্ক:
ননক্যাডারে প্রথম থেকে অষ্টম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বিলুপ্ত করে কোটা সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে প্রথম শ্রেণির ননক্যাডারের কোনো পদেই কোটা থাকবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।
এর আগে কোটা বতিল করে জারি করা গেজেটে শুধু নবম গ্রেডের কথা উল্লেখ ছিল। এজন্য এর স্পষ্টীকরণের জন্য সরকারি কর্মকমিশন সংশোধনী প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত সভায় বিষয়টি উত্থাপন করে এবং মন্ত্রিসভা তা অনুমোদন করে। সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্যান্য কিছু ক্ষেত্রে কোটা বহালের বিষয়ে প্রস্তাব করলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, কোটা প্রত্যাহারের পরও যাদের অনগ্রসর শ্রেণি বলা হয়, তারা অনেক ভালো ফল করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় থেকে গত ৩ ফেব্রুয়ারি ননক্যাডার অষ্টম ও তদূর্ধ্ব গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে নাকি আগের কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এ বিষয়টি স্পষ্টীকরণের জন্য অনুরোধ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে। সেখানে বলা হয়, নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। নবম গ্রেড এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হলো। তবে পরিপত্রে নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে তেরোতম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হলেও আগের প্রথম শ্রেণিভুক্ত অষ্টম ও তদূর্ধ্ব গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি কী হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড ছাড়াও অষ্টম ও তদূর্ধ্ব গ্রেডের কোনো কোনো পদে সরাসরি নিয়োগ দিয়ে থাকে। জাতীয় বেতন স্কেল ২০১৫-এ শ্রেণির পরিবর্তে গ্রেড উল্লেখ করা হয়েছে এবং আগের প্রথম শ্রেণির পদ বলতে নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদকে বোঝানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে ‘নবম গ্রেড’-এর স্থলে ‘নবম ও তদূর্ধ্ব গ্রেড’ উল্লেখ করে পরিপত্রটির সংশোধন প্রয়োজন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.