
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পাপিয়া ওরফে পিউকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার রাজধানীর বনানীর সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া গ্রেফতার করা হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন পাপিয়াকে গ্রফতার করে শাস্তি দেয়ার জন্য।
তিনি বলেন, আওয়ামী লীগেরই একমাত্র সৎ সাহস আছে নিজের দলের নেতাকর্মীদের শাস্তি দেয়ার। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অপরাধ করে পার পায় না। সুতরাং ভবিষ্যতেও কেউ অপরাধ করে পার পাবে না। অন্য কোনো দলের সৎ সাহস নেই নেতাকর্মীদের অপরাধের শাস্তি দেয়ার। কেউ অপরাধ করলে শাস্তি পাবেই। এ থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপির বিচার করার সৎ সাহস নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীদের অপরাধের শাস্তি হয়েছে এমন কোনো নজির নেই। বিচার করার জন্য তাদের সৎ সাহস নেই। একমাত্র শেখ হাসিনারই অন্যায়ের, অপরাধের শাস্তি দেয়ার, বিচার করার সৎ সাহস আছে। তারপরেও বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে, অভিযোগ দিয়ে যাচ্ছে। এটা তাদের অভ্যাস।আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একমাত্র দল, যারা অপরাধের কঠোর শাস্তি দেয়। স্বভাবের কারণেই তারা এ অভিযোগ দিয়ে যাচ্ছে।
নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামীমা নূর পাপিয়া। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে যুব মহিলা লীগ থেকে গত ২৩ ফেব্রুয়ারি আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.