
অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদফতর। পাশাপাশি অতিরিক্ত পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।
সচিবালয়ের সরকারি যানবাহন অধিদফতর সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হচ্ছে, তা এখনো মন্ত্রিপরিষদ বিভাগের কেউ কিছু বলতে পারছেন না। বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে আনুমানিক হিসেবে এসব গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এবার নতুন কোনো গাড়ি কেনা হচ্ছে না। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের গাড়িগুলো ফেরত নিয়ে সেগুলোই মূলত প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে বর্তমান মন্ত্রিসভার সদস্যরা তাদের ব্যবহৃত গাড়িগুলো ফেরত দিয়েছেন।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, আকার কেমন হচ্ছে— এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে এখনো নির্দেশনা পাননি।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী ছিলেন। তফসিল ঘোষণার পর টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
ক্ষমতাসীন দলের মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে পরাজিত হওয়া ছয়জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকছেন না। এছাড়া পদত্যাগ করা টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কেউ কেউ বাদ পড়তে পারেন।
এছাড়া নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি আরো তিনজন প্রতিমন্ত্রী। তারা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও তাদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা হলেন- বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। ক্ষমতাসীন দলের মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে পরাজিত হওয়া ছয়জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকছেন না।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন। নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.