
অনলাইন ডেস্ক:
ডিজেল ও কেরোসিনের মূল্য পূণঃনির্ধারণ করেছে সরকার। নতুন মূল্যহার অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পূণঃনির্ধারণ করেছে।
বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে নতুন মূল্যহার কার্যকর হয়েছে। একইদিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্ব গতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ নভেম্বর ২০২১ তারিখে ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রূপি ছিল অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম।
বর্তমান ক্রয় মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিজেলে লিটার প্রতি ১৩.০১ এবং ফার্নেস অয়েলে লিটার প্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। অক্টোবর ২০২১ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পূণঃনির্ধারণ করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এবং এতোসংক্রান্ত সময় সময় জারিকৃত সংশোধনীসহ অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।
সর্বশেষ গত ২৪/০৪/২০১৬ তারিখে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পূণঃনির্ধারণ করা হয়েছিল। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.