
অনলাইন ডেস্ক:
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। আগামী ২৮ এপ্রিল থেকে ধান-চাল কেনা শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত বছরও ধান ও চালের সংগ্রহ মূল্য একই ছিল।
এদিকে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা। এরই মধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভার্চুয়াল সভায় সরু ধানের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের বাজারে মোটা চালের দাম বাড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতির দিকে। মোটা চালের অধিকাংশ নন হিউম্যান কনজামশনে চলে যাওয়ায় ও মানুষের খাদ্যাভাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে। এ কারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে এরই মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। নতুন উদ্ভাবিত দুটি জাত ব্রি-৮৯ ও ব্রি-৯২ বোরো ধানের উৎপাদন সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রজাতির উৎপাদন বেশি হবে ও চালও সরু হবে। এছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল ধানের চাষ বাড়ানো হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সংগ্রহ লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ যৌক্তিক হয়েছে। এতে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
সভায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মতামত তুলে ধরেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.