নিউজ ডেস্ক:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বিদ্যুৎ সাব স্টেশনের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রবিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম (১৬) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (১৭)।
বড়পুকুরিয়া কয়লা খনি সূত্রে জানা যায়, খনি এলাকার ভেতরে একটি বিদ্যুতের সাব স্টেশনের নির্মাণ কাজ চলছিলো। গতকাল সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় বিকাল সাড়ে ৪টায় ছাদের প্রায় ২০ ফুট অংশ ভেঙ্গে পড়ে। এতে ছাদের নিচে কাজ করার সময় দুই শ্রমিক চাপা পড়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৬টায় তারা আকাশ ইসলাম নামে এক শ্রমিককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সঞ্জয় কুমার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় শ্রমিকরা জানান, ছাদের নিচে চাপা পড়া অপর শ্রমিক প্রশান্ত রায়ও মারা গেছেন। তবে তাকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এদিকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। তবে খনি এলাকার ভেতরে কোন সাংবাদিককে যেতে দেওয়া হয়নি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.