
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৪০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি আরো বলেন, তাদের অধিকাংশই পড়াশুনা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। ফ্লাইটে প্রবাসী শ্রমিকও ছিলো।
তাহেরা খন্দকার বলেন, মালয়েশিয়া থেকে আসা সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারো করোনা সংক্রমণ নেই। তবে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।
এর আগে কুয়ালালামপুর থেকে আরেকটি ফ্লাইটে ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ বিমান।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.