
অনলাইন ডেস্ক:
সর্বোচ্চ জরিমানায় কাজ না হলে মাস্ক না পরার অপরাধে জেলও হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত হন। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন সচিবালয় প্রান্ত থেকে। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগেই আমরা বলেছি, এই সপ্তাহ থেকে (যারা মাস্ক পরছে না তাদের বিরুদ্ধে) আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয়, ঢাকার বাইরে পজিটিভ; ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি কেয়ারফুল (সচেতন) হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি কেয়ারফুল হয়নি তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, (মাস্ক না পরলে) ফাইন হয়ে যাবে, ফাইন (জরিমানা) দিতে হবে ৫০০ টাকা। বলে দিয়েছি এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, না হলে আমরা আরো ইনস্ট্রাকশন দেব। বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।’
তিনি বলেন, ‘আস্তে আস্তে আমরা...তারপরে জেলে যেতে হবে। আর কী করবে, না যদি শোনে, আমরা তো উই ক্যান নট টেক রিক্স (ঝুঁকি নিতে পারি না), আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি।’
মন্তিপরিষদ সচিব বলেন, ‘আমরা আর সাত থেকে ১০ দিন দেখব, তারপর ইনস্ট্রাকশন দিয়ে দেব- আরো কঠোর পানিশমেন্টে (শাস্তি) যাও। যথাসম্ভব বেশি করে ফাইন করা হবে এবং স্ট্রং পানিশমেন্ট দেয়া হবে।’ সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.