
নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর ও বগুড়াতে নতুন দুইটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে দুইটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে এ দুইটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০' এবং 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব বলেন, এরমধ্যে প্রধানমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া উপস্থাপন করা হয়। এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। এ আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটিতে ৫৫টি ধারা আছে।
তিনি বলেন, এছাড়া বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০' এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্ববিদ্যালয়টি বগুড়া জেলায় হবে।
বৈঠকে 'শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২০' এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.