
অনলাইন ডেস্ক:
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে পাইকারি বিক্রেতাদের সিন্ডিকেটের ফলে দেশের বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ খানেক আগেও যেখানে ১ কেজি পেঁয়াজের দাম ছিলো ৫০ টাকা থেকে ৬০ টাকা, সেই পেঁয়াজের দাম এখন কেজিতে বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা।
বুধবার সরেজমিনে রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, গাবতলী, আব্দুল্লাহপুরসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত তিনদিনে পাইকারি আড়তে আমদানি করা পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারগুলোতে সব ধরনের পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি- ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এবং দেশে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
দাম বৃদ্ধির এই সময়ে আমদানি পেঁয়াজের সরবরাহ না থাকায় রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বেড়ে গেছে বলেও জানান তারা।
এদিন বিকেলে মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত বাজারের দোকানি ইকবাল হোসেন ডেইলি বাংলাদেশকে জানান, খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সকালে ৮৫ টাকা কেজি দরেও বিক্রি করা হয়েছিলো। আর তিনদিন আগে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি করেছিলেন বলেও জানান তিনি।
এই ব্যবসায়ী আরো জানান, আমদানি করা পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি করছেন, যা আগে ছিল ৪০ টাকা। এ হিসাবে পেঁয়াজের দাম দ্বিগুণ বেশি বেড়েছে।
রাজধানীর মহাখালী, মিরপুর, উত্তরা, রামপুরাসহ অন্যান্য বাজারের চিত্রও একই। খুচরায় দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।
রাজধানীর উত্তরায় কুসল সেন্টারে বাজার করতে আসা ইব্রাহিম নামের এক বেসরকারি কর্মকর্তা জানান, একদিকে করোনা পরিস্থিতির কারণে চাকরির বেতন কমিয়েছে শতকরা ১০ ভাগ। তারপর আবার বাজারে তরিতরকারির দাম প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে ঢাকাতে থাকাই দায় হয়ে পড়েছে।
তিনি বলেন, আসলে পেঁয়াজের দাম বাড়িয়েছে আমাদের দেশের পাইকারি ব্যবসায়ীরা। বিদেশি পেঁয়াজের সরবরাহ কমতে পারে এমন আশঙ্কায় আগে থেকেই পেঁয়াজ গুদামে মজুদ করে সংকট তৈরি করে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.