
অনলাইন ডেস্ক:
এবার বিশ্বের কোনো দেশ থেকে পবিত্র হজ করতে সৌদি আরবে কেউ যেতে পারছেন না। ফলে বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন তাদের এবার হজ করা হচ্ছে না। সে জন্য দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে ফোন করেন।
এ সময় তিনি করোনা ভাইরাসের কারণে হজ বাতিলের বিষয়টি বাংলাদেশের মন্ত্রীকে অবহিত করেন। এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলে জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
মূলত করোনার মহামারির কারণে এই সিদ্ধান্ত নেয় সৌদি আরব। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে নিবন্ধন করা মুসল্লিরা এবার হজে যেতে পারছেন না।
এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারা যেকোনো সময় তাদের নিবন্ধনের টাকা তুলে নিতে পারবেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.