
অনলাইন ডেস্ক:
কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, সুমিষ্ট হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য মিঠাপুকুরে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পদাগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, হাঁড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আম রংপুরের কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় আম চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে করে আম চাষিরা তাদের ন্যায্যমূল্য পান।
এসময় তিনি হাঁড়িভাঙ্গা আম পরিবহনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরকে বিশেষভাবে দেখার নির্দেশ প্রদান করেন।
হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে কৃষিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.