
অনলাইন ডেস্ক:
২০২২ সালের ১৬ মার্চের পর বাজারে খোলা তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 'ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসেসমেন্ট অব ড্রাম অয়েল সোল্ড ইন মার্কেট' শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের প্রতি ভোক্তারা কেন আস্থা রাখতে পারছেন না- সেটা ভাবতে হবে। আমদানিকারক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাইকে অবশ্যই জনস্বাস্থ্য বিবেচনা করতে হবে, তারপর মুনাফা।
এ সময় মানসম্পন্ন ভোজ্য তেল ভোক্তার কাছে পৌঁছে দিয়ে আস্থা অর্জনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরেই মজুদদারি ও ভেজালের বিরুদ্ধে বিশেষ আইনের মামলা করে শাস্তির বিধান করেছিলেন। দীর্ঘ ৫০ বছর পরেও আমাদের ভেজালের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে।
আগামী ১৬ মার্চের পরে বাজারে খোলা তেল বিক্রি করতে দেওয়া হবে না, উল্লেখ করে বোতলজাত মানসম্পন্ন ভোজ্য তেল ভোক্তার কাছে সহজলভ্য করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ার পথে অন্তরায় মানহীন ভেজাল খাদ্য। দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়তে ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে। খাদ্যদ্রব্যে ভেজাল পরিহার করে মানবতার সেবায় অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা সচেতন হলে ভোজ্য তেলে ভেজালের প্রবণতা অনেক কমে যাবে।
তিনি আরো বলেন, কোনটি ভালো পণ্য সেটা গ্রাহক বুঝতে পারছেন না। মোড়কের আড়ালে যে পণ্য আছে তার প্রতি আস্থা পাচ্ছে না। বোতলে যেটা আছে তার গুণাগুণ ও ক্ষতিকর দিক লিখে বাজারজাত করার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ভেজাল খাবারের কারণে ক্যান্সার ও হৃদরোগে মানুষ আক্রান্ত হচ্ছে। চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে, চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাচ্ছেন।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রেশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। সূত্র: ঢাকাপ্রকাশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.