
নিউজ ডেস্ক:
ধর্মীয় সহিংসতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা দিল্লিতে উত্তেজনা যেন থামছেই না। ১৪৪ ধারা জারির পরও ঘটছে হিন্দু-মুসলিমদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা।
এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার মধ্যে এক তরুণের মাথায় ড্রিল মেশিনের রড ঢুকিয়ে দেয়া হয়েছে।
হামলার শিকার ১৯ বছর বয়সী সেই তরুণের নাম বিবেক চৌধুরী বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় গুরু তেগ বাহাদুর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।
তার পরিবার জানায়, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে শিব মার্কেটে নিজ দোকানে উত্তেজিত জনতার হামলা শিকার হন বিবেক। সেখানে হামলাকারীদের একজন তার মাথায় ড্রিল করার রড ঢুকিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের এখনো সনাক্ত করা যায় নি।
খবরে জানানো হয়েছে, হামলার পরপরই তাকে তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় সময় মাঝরাতে তার মাথায় করা হয় জটিল অস্ত্রোপচার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ড. প্রজ্ঞানের নেতৃত্বে তিনজন ডাক্তারের একটি টিম অস্ত্রোপচার করে বের করে আনে লোহার সেই রড।
বুধবার জিটিবি হাসপাতালের বর্ষীয়ান চিকিৎসক সুনীল কুমার জানান, বিবেকের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
হাসপাতালের অ্যাসিসট্যান্ট এমএস রাকেশ কালরা জানিয়েছেন, অস্ত্রোপচার মোটেই সহজ ছিল না। বিশেষ করে সহিংসতায় আহত প্রায় ২০০ জনকে জিটিবিতে ভর্তি করা হয়। ফলে এত চাপ ছিল যে, এই অস্ত্রোপচার ছিল কঠিন। সামান্য এদিক-ওদিক হলেই জীবন সংশয় হতে পারত বিবেকের।
গত রোববার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় হওয়া এই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় আড়াইশ। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.