
নিউজ ডেস্ক:
অন্তত চারটি মসজিদ আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ইথিওপিয়ায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মুসলিম। অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত মোট্টা শহরে মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী। এছাড়া মুসলিমদের সম্পত্তিতেও হামলা চালায় তারা।
পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন আগে একটি চার্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদে হামলার ঘটনা ঘটেছে।
আমহারা প্রদেশের কর্মকর্তারা জানান, এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে ইতিমধ্যে ১৫ জনকে আটক করা হয়েছে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, চরমপন্থীরা এই হামলার মাধ্যমে আমাদের ধর্মীয় সহনশীলতা এবং সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাসকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে।
তবে বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী কামিল শেমসু মঙ্গলবার সংবাদ সংস্থা এপি'কে বলেন, কিছু রাজনৈতিক নেতা আছেন যারা একটি ধর্মীয় গোষ্ঠীকে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিতে চান।
সূত্র: ইত্তেফাক।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.