
নিউজ ডেস্ক:
সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রীত ইদলিব প্রদেশে এই হামলা চালানো হয়।
রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমানগুলো এসব হামলা চালিয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
চলতি মাসে রাশিয়া ও তুরস্কের উদ্যোগে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এ বিমান হামলা চালানো হয় বলে অভিযোগ এসওএইচআরের।
উত্তর-পশ্চিম প্রদেশের রাজধানী ইদলিবে বিদ্রোহী গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। তবে সর্বশেষ ওই বিমান হামলা সম্পর্কে সিরিয়া সরকার বা রাশিয়ান জোট কোনো মন্তব্য করেনি।
এসওএইচআর জানিয়েছে, বুধবার ইদলিবের ব্যস্ত মার্কেট আল হালে বোমা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইদলিব শহরের বাণিজ্যিক এলাকায়ও হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন চালক নিহত হয়েছে।
মুস্তফা নামে এক গ্যারেজ মালিক জানান, কিছু স্পেয়ার পার্টস কিনতে গিয়েছিলেন তিনি, তখনই বিমান হামলা হয়। ফিরে এসে তিনি দেখেন, তার গ্যারেজ ধ্বংস হয়ে গেছে এবং চার কর্মচারী ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়েছে।
তিনি বলেন, মাত্র দু’মিনিট আগে আমি যা দেখে গেছি এটা তা ছিল না।
হতাহতদের মধ্যে শিশু ও উদ্ধারকর্মীও আছেন বলে এসওএইচআর জানিয়েছে। ইদলিব প্রদেশের অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে বলে বিদ্রোহীদের সমর্থক বার্তা সংস্থা স্টেপ জানিয়েছে।
সূত্র: ডেইলী বাংলােদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.