
নিউজ ডেস্ক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা দিয়ে ৩ র্যাব সদস্য ও দুই সোর্সকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া সদস্যরা র্যাব ১১ এর সিপিসি-২ এর সদস্য বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে বিজিবি, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে বিজিবি কিংবা র্যাব এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র বলেছে, ৩ র্যাব সদস্য দুই সোর্স নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে গেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে বিএসএফ।
আরো পড়ুন: ৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল
বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান সাংবাদিকদের জানান, স্থানীয় এলাকার লোকজন ও র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি। কিন্তু এখনো বিস্তারিত কিছুই জানি না।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মো. মাহবুব মোর্শেদ জানান, ৩ র্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।