
অনলাইন ডেস্ক:
সিনেমার নায়ক-নায়িকাদের মুটিয়ে গেলে বেমানান লাগে বলে তাদের ওজন কমানোর পরামর্শ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
সোমবার সন্ধ্যায় এফডিসিতে সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন সিনেমা ‘স্বপ্নের রাজকুমার’ এর মহরতে প্রতিমন্ত্রী বলেন, সিনেমায় যারা প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেন তাদের নায়ক নায়িকা বলা হয়। তারা যদি মুটিয়ে যান পর্দায় বেমানান লাগে। সেজন্য নায়ক নায়িকাদের ওজন কমাতে তাদের প্রতি হাতজোড় করে অনুরোধ করছি।
প্রতিমন্ত্রী বলেন, ফিল্মে যারা অভিনয় করেন তারা ওজনের দিকে দয়া করে একটু নজর রাখবেন, আমি সবার প্রতি হাত জোর করে কথাটি বলছি। তাদের আমার মতো ৮৮ কেজি ওজন হওয়া যাবে না।
নায়ক-নায়িকাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, স্ক্যান্ডাল ও বিতর্ক থেকে দূরে থাকতে হবে। অনেকেই বলেন, ফিল্মে যারা কাজ করেন বিতর্কে না জড়ালে টিআরপি বাড়ে না। কথাটির সঙ্গে আমি একমত নই। আমরা শাবানা, ববিতাকে দেখেছি। তারা মায়ের বয়সী। তাদের নিয়ে তো বিতর্ক শুনিনি।
সিনেমায় সরকারের অবদান উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১২ বছরে এফডিসি ও বঙ্গবন্ধু ফিল্ম সিটির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো কাজ চলমান। প্রতিবছর অনেকগুলো সিনেমাতে অনুদান দিচ্ছে। সরকারিভাবে ৬৪ জেলার সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। সুতরাং হতাশ হওয়া কিছু নেই।
পরিচালক সোহানুর রহমান সোহানুর রহমান সোহান বলেন, সবসময় আমি নতুনদের নিয়ে কাজ করি। ‘স্বপ্নের রাজকুমার’ সিনেমার মাধ্যমে আরও একজোড়া জুটির অভিষেক ঘটতে যাচ্ছে।
তিনি বলেন, এই সিনেমায় যিনি নায়ক তিনি টিকটক ভিডিওর পরিচিত মুখ জিসান খান, নায়িকা সানিয়া নূর। বর্তমানে তাদের গ্রুমিং চলছে। গ্রুমিং শেষ করে নভেম্বরের শেষে শুটিং শুরু হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.