
অনলাইন ডেস্ক:
দর্শকপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু আসছে কোরবানির ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে গুণী নির্মাতা এস এ হক অলিক পরিচালিত ‘চুরি করা বউ’ নামের নাটক। এই নাটকে দেখা যাবে, চুরি করে বিয়ে করেন সালাউদ্দিন লাভলু।
বেশ কিছু নাটকে অভিনয় করলেও ‘চুরি করা বউ’ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেন লাভলু। এরই মধ্যে নাটকটি নির্মাণের কাজ শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয় পুবাইলে। নাটকটিতে সালাউদ্দিন লাভলুর বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী মিম চৌধুরী।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, পুরোপুরি কমেডি ধাঁচের গল্প এটি। এই নাটকে প্রচুর মজার এলিমেন্টস থাকবে। লাভলু ভাইয়ের অভ্যাস থাকে চুরি করে বিয়ে করা। একটা সময় আমার সঙ্গে চুরি করে বিয়ে হয় তার।
মিম বলেন, এর আগে লাভলু ভাইয়ের পরিচালনায় নাটকে কাজ করেছি। তবে তার সহশিল্পী হিসেবে এটাই প্রথম নাটকে কাজ করা। লাভলু ভাইয়ের অভিনয় সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে। ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
সালাউদ্দিন লাভলু ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্মাণে ও অভিনয়ে সরব রয়েছেন। ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’ খ্যাত এ নির্মাতা দর্শকদের ভিন্নধারার অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.