
স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষার্থীদের পড়ালেখা ধরে রাখার কৌশল হিসেবে রংপুরের মিঠাপুকুরে ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষা (হোম ইক্সাম) শুরু হয়েছে। এই উপজেলায় সর্বপ্রথম এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাড়িতে পরীক্ষা গ্রহনের উদ্যোগ নিয়েছে।
বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে মার্চ থেকে সারা দেশের ন্যায় পাঠদানসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে উপজেলার চেংমারী ইউনিয়নে অবস্থিত ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে। এমতাবস্থায় তাদের পড়ালেখার মান ধরে রাখার কৌশল হিসেবে বাড়িতে বাড়িতে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষা (হোম ইক্সম) শুরু হয়েছে। অষ্টম শ্রেণির ৯৪ জন ও দশম শ্রেণির ৯৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সরবরাহ করা প্রশ্নপত্র ও খাতা দিয়ে অভিভাবকেরাই পরীক্ষা গ্রহন করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল বলেন, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এছাড়া, তারা বাড়িতে পড়ালেখা করতে চায়না। তাই, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের পরামর্শে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে পরীক্ষা গ্রহন করার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবক পরীক্ষা গ্রহনের কাজ সম্পন্ন করে উত্তরপত্র বিদ্যালয়ে পৌঁছে দেবেন। তারপর খাতা মূল্যায়ন করে নম্বর দেওয়া হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল কবির টুটুল বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান ধরে রাখার জন্য আমরা বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে সবার সাথে আলোচনা করে বাড়িতে বাড়িতে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছি। উপজেলায় প্রথম আমরাই এই পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছি।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.