
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে হাড় কাঁপানো শীতে আগুন পোহাতে গিয়ে লিমা আক্তার নামে এক গৃহবধূ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ।
নিহত গৃহবধূ লিমা আক্তার উপজেলার সেতুলপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। স্বজনরা জানান, গত রবিবার সকালের দিকে আগুন পোহাতে গিয়ে লিমার পরনের কাপড়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি।
লিমার মা গোলাপি বেগম জানান, মাত্র ১৫ দিন আগে তার মেয়ে একটি সন্তান প্রসব করেছেন। প্রচুর শীতের কারণে কাহিল হয়ে পড়ায় শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে তার মেয়ে মারা যান।
বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ পলাশ জানান, তার শরীরের শ্বাসনালিসহ ৬০ভাগ পুড়ে গিয়েছিল। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.