
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার-ভিডিপি কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে চোরেরা ওই কার্যালয়ের গ্রীল ভেঙ্গে একটি কম্পিউটার সেট, প্রিন্টার ও পানির পাম্প চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বুধবার মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও থানা পুুলিশ।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার দায়িত্ব পালন শেষে চলে যায়। পরদিন গতকাল বুধবার সকালে এসে তারা দেখেন কার্যালয়ের মূল গেট ও কর্মকর্তার কক্ষের দরজা খোলা। কর্মকর্তার কক্ষের কম্পিউটার সেট, প্রিন্টার ও পানির পাম্পটি নেই। তখনই বিষয়টি মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করেন আনসার-ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও (অ:দ) রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, আমার কার্যালয়ে কোন নৈশ্য প্রহরী নেই। এই সুযোগে চুরি সংঘটিত হতে পারে। চোরেরা একটি কম্পিউটার সেট, প্রিন্টার ও পানির পাম্প নিয়ে গেছে। সবমিলে প্রায় ২ লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরকারী দপ্তরে চুরির বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.