
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর, বড়বালা ও মিলনপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে যমুনেশ্বরী নদী। টানা বর্ষনের কারণে বালুয়া মাসিমপুর-বড়বালা সড়কে যমুনেশ্বরী ব্রিজ সংলগ্ন কিছু অংশ ভেঙ্গে গেছে। বন্ধ রয়েছে মালবাহী যানবাহন। হুমকির মধ্যে পড়েছে ১৫০ মিটার দীর্ঘ যমুনেশ্বরী ব্রিজ। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ব্রিজটির ফাটল ধরাসহ যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বালুয়া মাসিমপুর, বড়বালা ও মিলনপুর ইউনিয়নের সাথে সহজ পথে যোগাযোগের একমাত্র মাধ্যম যমুনেশ্বরী ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে ৩টি ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ যাতায়াত করে। পানি বেড়ে যাওয়ার কারনে নদীর পানির গতিপথ পরিবর্তন হয়ে বেশকিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে আরাজি শিবপুর এলাকায় শতাধিক ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের কবলে পড়েছে বেশকিছু ঘর-বাড়ি।
সম্প্রতি লাগাতার বৃষ্টির কারনে ব্রিজ সংলগ্ন উত্তর দিকে সড়কটির কিছু অংশ ভেঙ্গে গেছে। এ কারণে মালবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়েই কোন রকমে চলছে অটোভ্যানসহ অন্যান্য ছোট যানবাহন। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ব্যবসায়ীসহ তিন ইউনিয়নের জনসাধারন।
স্থানীয় বাসিন্দা জেদ্দাউর রহমান বলেন, ‘নদীর পানির স্রোতে রাস্তার কিছু অংশ ভেঙ্গে গিয়েছে। নদীর পাড়ের বেশকিছু বাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে।’ ব্যবসায়ী আল আমিন বলেন, ‘ব্রিজের সাথে সংযুক্ত রাস্তাটি যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে করে ব্রিজটি চরম ঝুঁকিতে রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে আমাদের চরম বিপদে পড়তে হবে।’ পথচারী মোসলেম উদ্দিন বলেন, ‘অন্তত ভেঙ্গে যাওয়া অংশটুকুর জরুরী ভিত্তিতে সংস্কার করা দরকার। তা না হলে যে কোন সময় ব্রীজে ফাটল ধরাসহ বড় ধরণের দুর্ঘটনা হতে পারে।’
মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.