মিঠাপুকুরে ট্রাক চাপায় দুইজন নিহত, আহত ৪

সাহরিতে রোজাদারদের ডেকে তোলার জন্য ভাড়া করা মাইক নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা –

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে পবিত্র রমজান উপলক্ষে সাহরির সময় স্থানীয় মানুষদের ডেকে তোলার জন্য ভাড়া করা মাইক নিয়ে এলাকায় ফেরার সময় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মোবাইল ব্যবসায়ী দুলাল মিয়া (২৮) ও একই এলাকার আবু বক্করের ছেলে রোকন (২৩)।

আহতরা হলেন- ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রুবেল, শহিদুল ইসলামের ছেলে সোহান, নিশ্চিন্তপুর গ্রামের টুটুল মিয়ার ছেলে মামুন, এবং ভ্যানচালক বাবু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জায়গীর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, প্রতি বছরের মতো এবারও স্থানীয় কিছু যুবক পবিত্র রমজান উপলক্ষে সাহরিতে মানুষকে জাগানোর জন্য উদ্যোগ নিয়েছিল। এ লক্ষ্যে শুক্রবার রাত ১২টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড বাজার থেকে মাইক নিয়ে ভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন তারা। বাড়িতে গিয়ে রাতের খাওয়া সেরে দেড়টা বা ২টার দিকে বেরিয়ে পড়ার কথা ছিল তাদের। এ সময় বাসস্ট্যান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক পার হতে গিয়ে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই জায়গায় তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, রংপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এম২৪নিউজ/আখতার