
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পুকুর খননের সময় প্রাচীনকালের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে জয়ন্তীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশাররফ হোসেনের পুকুরের খনন কাজ শুরু করে শ্রমিকরা। এসময় এ পিতলের মূর্তিটি দেখতে পায় তারা। মূর্তিটির উপরের অংশ ভাঙা এবং কালচে রঙের ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ এটি দেখার জন্য ভীড় করে। পরে মিঠাপুকুর থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর ইউনিয়নের বিট অফিসার জামিউল ইসলাম জানান, মূর্তিটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে, মূর্তিটির অনেক অংশ ভাঙা থাকায় এটি কোন দেবতার মূর্তি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.