
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে বালুবোঝাই ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক হোটেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আবিরেরপাড়া আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চেংমারী ইউনিয়নের মামুদেরপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে ও শঠিবাড়ী বন্দরের একটি হোটেলের শ্রমিক।
অপরদিকে, আজ মঙ্গলবার ভোররাতে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর কোল্ডষ্টোরেজ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন ট্রাক ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেল যোগে শঠিবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কের আবিরেরপাড়া আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন স্থানে পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাক অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মিজানুর রহমানের মোটরসাইকেলের উপর পড়ে যায়। এতে, ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন। এসময় বালু বোঝাই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর শাপলা কোল্ড ষ্টোরেজ এলাকায় আজ মঙ্গলবার ভোররাতে একটি বালুভর্তি ট্রাকের সাথে মাছবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মাছবাহী ট্রাকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শঠিবাড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মশিউর রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.