
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ ভর্তি ট্রাক খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজন রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চিকিৎসাধীন অবস্থায় নিহত আপন দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি। নিহত আপন দুই ভাই হলেন শহিদ আলী ও রফিকুল ইসলাম। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, বাগেরহাট থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি ঢাকা মেট্রো- ট- ১১-৪১১৭ নম্বরের একটি ট্রাক রাত ১২টার দিকে মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে পৌঁছলে অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের উপরে থাকা ১২ জনের মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি ১১ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। মূলত. লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ট্রাকে করে রংপুরে আসছিলো।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.