মিঠাপুকুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, আহত ১

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নাবিল পরিবহন নামে একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাতেমা বেগম (৬০) নামে এক নারী।

নিহত আনিসুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার রামভদ্র গ্রামের আলীম উদ্দিনের ছেলে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী মোটরসাইকেলযোগে রংপুর থেকে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। বাসের চাকায় আরোহী আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপর আরোহী গুরুতর আহত ফাতেমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহতের মধ্যকার সঠিক সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply