
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার তনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটি গঠনে প্রধান শিক্ষক নানা কারচুপি ও পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছেন। ম্যানেজিং কমিটিতে প্রধান শিক্ষকের লোকেরাই ঠাঁই পেয়েছেন। এ নিয়ে চরম অসন্তোষর সৃষ্টি অভিভাবকদের মাঝে।
এলাকাবাসির অভিযোগে জানা গেছে, লতিবপুর ইউনিয়নের তনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপল দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নিজের পছন্দের লোকের তালিকা তৈরী করে কমিটি গঠনের জন্য প্রস্তাবনা পাঠান। গত বছরের ২৪ নভেম্বর দিনাজপুর শিক্ষাবোর্ড ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি বলেন, সভাপতি পদে তছিম উদ্দিন একজন অশিক্ষিত , অযোগ্য ও অদক্ষ ব্যক্তি। দাতা সদস্য আশরাফ আলীর কোন সহায়-সম্পদ নেই। কিভাবে তিনি দাতা হতে পারেন? অভিভাবক সদস্য রেজাউল করিম প্রধান শিক্ষকের নিকট আত্মীয়। শিক্ষক প্রতিনিধি শাহাবুল ইসলামকে ইতোপূর্বে ৪টি এ্যাডহক কমিটিতে রাখা হয়েছিল। অন্য শিক্ষক প্রতিনিধি মৃন্ময় কুমার কমিটিতে রাখার বিষয়টি জানেন না। প্রধান শিক্ষক ব্যাপক কারচুপি, নানা অভিয়ম ও স্বজন প্রীতির আশ্রয় নিয়ে নিজের পছন্দের লোকদের দিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ অভিভাবক ও এলাকাবাসির।
বিষয়টি নিয়ে কথা বললে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপল বলেন, অভিযোগ সঠিক নয়। সবার মতামতের ভিত্তিতেই কমিটি গঠন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, তনকা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কোন চিঠি এখনও হাতে পাইনি। তবে, কমিটি গঠনে অনিয়ম হয়ে থাকলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ কমিটি বাতিল করে দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.